ফয়সাল
আহম্মেদ, নওগাঁ: নওগাঁর বদলগাছীতে
এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। আর সেই প্রিয়
শিক্ষিকার মৃত্যুসংবাদ সহ্য করতে না পেরে স্ট্রোকে
আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন একই বিদ্যালয়ের এক ছাত্রী। মাত্র
কয়েক ঘণ্টার ব্যবধানে দুজনের এই বিয়োগান্ত মৃত্যুতে
পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মঙ্গলবার
দুপুর ১২টার দিকে বদলগাছী-মাতাজি সড়কের চাকরাইল বটতলী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের (বঙা মেশিন) মুখোমুখি সংঘর্ষ হয়। ওই অটোরিকশায় বদলগাছী
লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা
বিদ্যালয়ের দুই শিক্ষিকা রাজশাহী শিক্ষাবোর্ড থেকে পরীক্ষার খাতা আনতে যাচ্ছিলেন। প্রচণ্ড সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে দুজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিক্ষিকা
উম্মে কুলসুমকে (৪৮) মৃত ঘোষণা করেন। আহত অপর শিক্ষিকা মমতাজ বেগমকে (৫৫) নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে
ফেসবুকে শিক্ষিকার মৃত্যুর খবর দেখে হাসপাতালে ছুটে আসেন অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম আরা (১৪)। হাসপাতালে
পৌঁছানোর পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং দুপুর দেড়টার দিকে মারা যান। চিকিৎসকরা জানান, তীব্র মানসিক আঘাতে মস্তিষ্কে রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়া বা হৃদযন্ত্রের ক্রিয়া
বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্যালয়ের
প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, এই মর্মান্তিক ঘটনায়
শিক্ষক-শিক্ষার্থী সকলে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, সড়কের ওপর ধান ও খড় শুকানোর ফলে রাস্তা সরু হয়ে যাওয়াই এই দুর্ঘটনার কারণ।
বদলগাছী থানার পরিদর্শক নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ব্যবহৃত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


একটি মন্তব্য পোস্ট করুন