নওগাঁ প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নওগাঁর মহাদেবপুর উপজেলায় দিনব্যাপী এক বর্ণাঢ্য সচেতনতামূলক ক্যাম্পেইন ও রোড শো অনুষ্ঠিত হয়েছে। আজ ১০ জুন বুধবার সকালে মহাদেবপুর উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা ও বৃক্ষরোপণের মাধ্যমে এই বিশেষ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ। ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত ‘এনগেজ প্রকল্পের আওতায় পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।
এবারের ক্যাম্পেইনে পরিবেশগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে একটি ভিন্নধর্মী প্রচারণার আয়োজন করা হয়। প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার কমানো, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশগত মানবাধিকার রক্ষা এবং পরিবেশ ন্যায়বিচার বিষয়ক সচেতনতামূলক ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টার দিয়ে ১৫টি সুসজ্জিত অটো ভ্যান সাজানো হয়। মাইক ও বাদক দলসহ এই সুসজ্জিত ভ্যানগুলো উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রোড শো চলাকালীন পুরো সময়জুড়ে প্রাকৃতিক পরিবেশ ও পরিবেশগত মানবাধিকার বিষয়ক বিশেষ অডিও রেকর্ডকৃত বার্তা মাইকে প্রচার করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হোসেন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রব্বানী, পরিবেশবাদী সংগঠন 'নিরাপদ নওগাঁ'র চেয়ারম্যান ও জেলা সিএসও সদস্য এম সাখাওয়াত হোসেন। এছাড়াও ডাসকো ফাউন্ডেশন এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার মো: তুহিন ইসলাম, টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন, ফিল্ড ফেসিলেটেটর শুক্লাদেব এবং মিলিতা মূর্মূসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজিত এই রোড শো’তে সরকারি-বেসরকারি কর্মকর্তা, স্থানীয় সরকারের প্রতিনিধি, সাংবাদিক, সিএসও সদস্য, শিক্ষার্থী ফোরামের সদস্য এবং নারী ও যুব প্রতিনিধিসহ সর্বমোট ১২০ জন উৎসাহী মানুষ অংশগ্রহণ করেন। সুসজ্জিত এই সচেতনতামূলক বহরটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও ৬টি ইউনিয়ন প্রদক্ষিণ করে। প্রচারণাশেষে বিকেলে পুনরায় উপজেলা চত্বরে এসে ১১১টি ফলজ ও বনজ বৃক্ষ বিতরণের মাধ্যমে এই সফল রোড শো ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।



একটি মন্তব্য পোস্ট করুন