তানোর, রাজশাহী: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহীর তানোরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য রোড শো ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ বুধবার তানোর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত, নেটজ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় পরিচালিত 'এনগেজ' প্রকল্পের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল কমিউনিটি গঠনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মোঃ সাহিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা জনাব একেএম সারওয়ার জাহান, পৌরসভা মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের এরিয়া অফিসার মাকসুদা খানম এবং প্রকল্প সমন্বয়কারী মোঃ রুহুল আমিন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুশীল সমাজের (সিএসও) সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা তৈরির উদ্দেশ্যে তৈরি একটি বিশেষ রোড শোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দও তাদের বক্তব্যে টেকসই পরিবেশ গঠনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও নিরাপদ সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে উপস্থিত সিএসও সদস্যদের মাঝে পরিবেশবান্ধব বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ সময় অতিথিবৃন্দ উপস্থিত সবার হাতে চারা তুলে দিয়ে প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও সেটির সঠিক পরিচর্যা করার অনুরোধ জানান।
কর্মসূচির দ্বিতীয় অংশে পরিবেশের বার্তা নিয়ে একটি দৃষ্টিনন্দন রোড শো অনুষ্ঠিত হয়। এতে ১৬টি সুসজ্জিত অটোবাইকে চড়ে সুশীল সমাজের সংগঠনের সদস্য ও এনগেজ প্রকল্পের কর্মীরা অংশ নেন। জলবায়ু অভিযোজন, পরিবেশ সংরক্ষণ এবং দুর্যোগ সহনশীলতা বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন ও স্লোগানে সজ্জিত অটোবাইকগুলো তানোর উপজেলার কলমা, বাধাইড়, পাঁচন্দর, সরঞ্জাই, তালন্দ ও চান্দুড়িয়া, এই ৬টি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে। রোড শো চলাকালে অংশগ্রহণকারীরা পরিবেশ সুরক্ষা, পানি সংরক্ষণ, খরা মোকাবিলা এবং বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে রাজশাহীর ঐতিহ্যবাহী 'গম্ভীরা' গানের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে সচেতনতামূলক বার্তা প্রচার করেন। পুরো কর্মসূচিটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকলেই আগামীদিনে জলবায়ু অভিযোজন কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।



একটি মন্তব্য পোস্ট করুন