নাজমুল হক নাহিদ, আত্রাই, নওগাঁ: নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশির (৫১) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) সকালে উপজেলার শাহাগোলা এলাকা থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা পুলিশ।
নিহত নেয়ামুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের মৃত নবিবর রহমানের ছেলে। তিনি নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা এবং তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন।
নিহতের স্ত্রী সাহিদ বেগম জানান, গতকাল বিকালে গ্রামের বাড়ি থেকে নওগাঁ আসছিল নেয়ামুল। সবশেষ গতকাল সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে ষ্টেশন থেকে মোবাইলে তাকে বলেন এশার নামাজ নওগাঁ এসে পড়বেন। কিন্তু এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। আজ সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পারে পরিবার। এবং এটি পরিকল্পিত হত্যাকা- বলে দাবি করেছেন নেয়ামুলের পরিবার।
নেয়ামুলের ভাই মিজানুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। সেই মোতাবেক আত্রাই রেলষ্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন মিজানুর।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর জানান, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং রেলওয়ে পুলিশকে খবর দেয়। যেহেতু তার মরদেহ রেললাইনের পাশে ছিল, ফলে মরদেহটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। এবং আত্রাই থানা পুলিশ সহযোগিতা করেছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সাদা জোব্বা-পাজামা পরিহিত নেয়ামুল বাশিরের মরদেহের পাশেই পড়েছিল তার ব্যবহৃত ব্যাগ। হাতে ঘড়ি, জোব্বার পকেটে তার ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাগে কিছু টাকা ছিলো। মরদেহ উদ্ধারের সময় এগুলো উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ মরদেহটি উদ্ধারের সময় প্রাথমিকভাবে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।


একটি মন্তব্য পোস্ট করুন