ফয়সাল আহম্মেদ, নওগাঁ: গতকাল ৫ মে সন্ধ্যায় নওগাঁ জেলার সীমান্তবর্তী ও দূরতম পোরশা থানা এলাকার জংশন পয়েন্ট সারাইগাছি বাজারে সড়কগুলোতে অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক প্রতিরোধে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ জেলা পুলিশের আয়োজনে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। এ সময় তিনি সাধারণ মানুষের সাথে অপরাধ প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার জানান, গত কয়েক মাসে পোরশা থানা, জেলা গোয়েন্দা শাখা, তথ্যপ্রযুক্তি বিভাগ তথা নওগাঁ জেলা পুলিশ জনগণের সহযোগিতায় পোরশা-সারাইগাছি, সাপাহার ও পত্নীতলা সড়কে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এ জন্য তিনি স্থানীয় রাজনীতিবিদসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সড়কে যেকোনো ধরনের অপরাধ কঠোর হস্তে দমন করা হবে এবং এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
মাদক নির্মূলের বিষয়ে পুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু পুলিশের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ জন্য তিনি মাদক প্রতিরোধ এবং মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমে এলাকার সকল জনসাধারণকে এগিয়ে আসার এবং পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। অপরাধীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
এই সান্ধ্যকালীন মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাপাহার সার্কেলের এএসপি, পোরশা থানার অফিসার ইনচার্জ, স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং দুই শতাধিক সাধারণ মানুষ। উপস্থিত সবাই মাদক প্রতিরোধ ও সড়কে যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।



একটি মন্তব্য পোস্ট করুন