ফয়সাল আহম্মেদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কর্মরত পেশাদার সাংবাদিকদের জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবিসহ কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় শহরের মুক্তির মোড়ে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিফাত ও সুলতান নামের দুই ব্যক্তি তাদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে সময় সংবাদের সিনিয়র রিপোর্টার এম আর রকি'র ছবি আপলোড করে ধারাবাহিকভাবে অপপ্রচার ও কুৎসা রটনা করে আসছে।
ঘটনার প্রেক্ষাপট টেনে সাংবাদিক নেতারা জানান, সম্প্রতি তিন শিশুর মানবিক সংকট নিয়ে সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়। বিষয়টি রাষ্ট্রের উচ্চ মহলের নজরে আসলে আদালত থেকে জামিন পান ওই শিশুদের মা। এরপর বিভিন্ন মূলধারার গণমাধ্যমেও সংবাদটি গুরুত্বের সাথে প্রকাশিত হয়। তবে আদালতের আদেশ ও প্রকাশিত সংবাদ নিয়ে অভিযুক্ত দুই ফেসবুক ব্যবহারকারী গত এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত বিরূপ ও আপত্তিকর মন্তব্য ছড়িয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মূলত ওই তিন শিশু ও তাদের অসহায় মাকে বসতভিটা থেকে উচ্ছেদ করার একটি অশুভ চক্রান্তের অংশ হিসেবে অভিযুক্তরা পরিকল্পিতভাবে সাংবাদিকদের চরিত্র হননের মিশনে নেমেছে। এরই ধারাবাহিকতায় তারা একের পর এক মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ছবি পোস্ট করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
নওগাঁর সিনিয়র সাংবাদিক ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি কায়েস উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন: যমুনা টিভির স্টাফ রিপোর্টার শফিক ছোটন, নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার হারুন অর রশীদ, আরটিভির প্রতিনিধি আরিফুল হক সোহাগ, বৈশাখী টিভির প্রতিনিধি আরমান হোসেন রুমন, মোহনা টিভির প্রতিনিধি হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি রাশেদুজ্জামান, গ্লোবাল টিভির প্রতিনিধি আব্দুর রাজ্জাক, চ্যানেল এস-এর প্রতিনিধি অন্তর আহম্মেদ, সময় টিভির সিনিয়র রিপোর্টার এম আর রকি, চ্যানেল এস-এর বুলবুল আহম্মেদ, সাংবাদিক মাহমুদুন্নবী বেলাল, সাংবাদিক শামীম হোসেন এবং সাংবাদিক এ কে এম ফজলে মাহমুদ চাঁদ।
সাংবাদিকদের এই কর্মসূচীর সাথে সংহতি প্রকাশ করে আরও বক্তব্য রাখেন নওগাঁ নাগরিক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুব হাসান সোহাগ এবং নওগাঁ জেলা বাসদের সভাপতি জয়নাল আবেদিন মুকুলসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের কলম স্তব্ধ করতে এবং অপরাধ ঢাকতেই এই নোংরা অপপ্রচারের আশ্রয় নেওয়া হয়েছে। অবিলম্বে তথ্য প্রযুক্তি আইনসহ প্রচলিত আইনের আওতায় অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। অন্যথায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।



একটি মন্তব্য পোস্ট করুন