ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ‘সম্প্রীতি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা ডাকবাংলো হলরুমে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য একটি বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি সাম্য ও মানবিক সমাজ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ সমাজব্যবস্থা বিনির্মাণে লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় বক্তারা বদলগাছী উপজেলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন। তারা বিশ্ব ঐতিহ্যের অংশ পাহাড়পুর সোমপুর বিহার, হলুদ বিহার এবং জিআই স্বীকৃত পণ্য ঐতিহাসিক ‘নাক ফজলি’ আমের কথা উল্লেখ করেন। এছাড়া এ অঞ্চলের বিভিন্ন জাতের সুগন্ধি ধান, চাল, প্রচুর কাঁঠাল উৎপাদন এবং এখানকার বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক পরিবেশের গুরুত্ব দেশবাসীর কাছে আরও জোরালোভাবে তুলে ধরার ওপর জোর দেন।
জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হারুন অর রশীদ, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরি টিপু। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী ও রেজাউন নবী স্যান্ডো।

সাংবাদিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক কায়েস উদ্দিন, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ হোসেন মুরাদ, জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ বেতার ও যমুনা টিভির নিজস্ব প্রতিবেদক শফিক ছোটন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বদলগাছী উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, কবি ও সাহিত্যিক আশরাফুল নয়ন।
সভার দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে স্থানীয় জ্যেষ্ঠ শিল্পীরা কাওয়ালি, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত এবং কবিতা আবৃত্তি পরিবেশন করেন।



একটি মন্তব্য পোস্ট করুন