ফয়সাল আহমেদ, নওগাঁ: নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে এবং সংগঠনের নির্বাহী পরিচালক, বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের সার্বিক ব্যবস্থাপনায় আজ শুক্রবার সকালে নওগাঁ সদর মডেল থানা চত্বরে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানার চারপাশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাবর্ধনকারী বিদেশী থাই চেরি ফুলের চারা রোপণ করেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান। চারা রোপণকালে ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং থানাকে একটি সুন্দর, নান্দনিক ও দর্শনার্থীবান্ধব স্থানে রূপান্তর করতে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। সবুজায়ন ও শোভাবর্ধনে আমাদের সবাইকে এভাবে এগিয়ে আসতে হবে। "নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বৃক্ষ প্রেমী মাহমুদুন নবী বেলাল জানান, নওগাঁ জেলাকে সবুজ ও দৃষ্টিনন্দন করতে তাঁদের এই পরিবেশবান্ধব ও শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি জেলাজুড়ে অব্যাহত থাকবে। অনুষ্ঠানে থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবেশ উন্নয়ন সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে পুলিশের পোশাক ও রিফ্লেক্টিং ভেস্ট পরে মহাসড়কে দস্যুতার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম হোতাসহ দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আজ রাত ৮টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৯ এপ্রিল ভোররাতে নওহাটা থেকে মহাদেবপুরগামী ফাঁকা রাস্তায় একটি অটোরিকশাকে লেজার লাইট দিয়ে সংকেত দেয় একদল ডাকাত। প্রাইভেটকার নিয়ে আসা ওই ডাকাত দলের সদস্যরা পুলিশের রিফ্লেক্টিং ভেস্ট পরিহিত ছিল। তারা অটোরিকশার চালক ও একজন যাত্রীকে জোরপূর্বক প্রাইভেটকারে তুলে চোখ, মুখ ও হাত বেঁধে ফেলে এবং নগদ টাকা ও মোবাইল কেড়ে নেয়। পরে অন্য এক ডাকাত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় এবং অপহৃতদের দিনাজপুরের ফুলবাড়ী এলাকায় ফেলে দেওয়া হয়।
এই ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সুপারের তত্ত্বাবধানে গঠিত একটি বিশেষ টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ডাকাতির অন্যতম হোতা আব্দুর রহমান ওরফে শাওনকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের অপরাধ স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের ধরতে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহে অভিযান চালানো হয়।
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ১১ জুলাই রাতে গাজীপুর থেকে খোকন চন্দ্র ও শুভ নামের আরও দুই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় ডিবি পুলিশ। গ্রেফতারের পর পুলিশ সুপারের কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পুলিশ পরিচয়ে মহাসড়কে ডাকাতির কথা স্বীকার করে। এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আসামি খোকন চন্দ্র ইতিমধ্যেই বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
ফয়সাল
আহম্মেদ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে নবম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি এবং এর প্রতিবাদ করায় তার পরিবারকে বাড়িতে ঢুকে মারপিটের ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (৫ জুলাই, ২০২৬) পুলিশ মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধামইরহাটের শিবরামপুর এলাকার মো: তাকমিম হোসেন (২২) নামের এক যুবক ওই ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে প্রায়ই উত্যক্ত করত। গত ৪ জুলাই সকালে মেয়েটি মাঠ থেকে বাড়ি ফেরার পথে আসামী তাকমিম তার হাত ধরে টানাটানি ও হয়রানি করে।
এই ঘটনার প্রতিবাদ করায় আসামী তাকমিম ও তার দুই সহযোগী ভিকটিমের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে ছাত্রীর মা, ভাই ও ভিকটিমকে এলোপাতাড়ি মারপিট করে জখম করে। এ ঘটনায় ভিকটিমের বাবা মো: আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নওগাঁর পুলিশ সুপারের নজরে এলে তার কঠোর নির্দেশনায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে প্রধান আসামী তাকমিমসহ তিনজনকে গ্রেফতার করে ধামইরহাট থানা পুলিশ।
পুলিশ সুপার জানান, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরণের যৌন হয়রানি বা অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং এসব অপরাধ জিরো টলারেন্স নীতিতে দমন করা হবে।
ফয়সার আহম্মেদ, নওগাঁ: শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না উল্লেখ করে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেছেন, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো দেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করা এবং সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষার বৃত্ত থেকে বের করে আনা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নওগাঁর প্যারীমোহন (পি.এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ৬ তলা ভিতবিশিষ্ট ২ তলা নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্য তাঁর বক্তব্যে সরকারের শিক্ষা নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, মুখস্থ বিদ্যার দিন শেষ করে শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও বাজারমুখী করা হচ্ছে। শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারের জন্য প্রস্তুত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোডিং এবং তথ্যপ্রযুক্তির পাশাপাশি বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার কাজ চলছে। এছাড়া পাবলিক পরীক্ষার পবিত্রতা রক্ষায় শতভাগ 'জিরো টলারেন্স' নীতি, প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা কেন্দ্র নিশ্চিতকরণ এবং উচ্চশিক্ষায় ৪ বছরের কোর্স ৪ বছরেই শেষ করে বিশ্ববিদ্যালয়গুলোকে সেশনজটমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শিক্ষার মান উন্নয়নে মন্ত্রী ও এমপিদের মাঠপর্যায়ে কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ জাহান দিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, খায়রুল আলম গোল্ডেন, সংসদ সদস্যের সহধর্মিণী হুসনী আখতার, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানু। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।