ফয়সাল আহম্মেদ, নওগাঁ: নওগাঁ জেলার নিয়ামতপুর এলাকায় পৃথক দুইটি অভিযান চালিয়ে ১৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (৩০ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার ও ছাতড়া বিল এলাকায় এসব অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ডিবির একটি আভিযানিক দল ছাতড়া বাজারের একটি স্যানিটারী কারখানার সামনে অভিযান চালিয়ে মোঃ আমিনুল ইসলাম (৪৩) ও মোঃ বাবুল ইসলাম ওরফে বাবুকে (৩৮) আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে তল্লাশি চালিয়ে আমিনুলের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। আসামি বাবুল উক্ত মাদক বিক্রয়ে তাকে সহায়তা করছিলেন।
একই দিনে দ্বিতীয় অভিযানে ছাতড়া বিলের যাত্রী ছাউনীর সামনে থেকে মোঃ হাফিজুল ইসলাম (৩০), মোঃ দেলোয়ার হোসেন (৩৬) ও মোঃ রনি হাসানকে (২৪) আটক করা হয়। এ সময় হাফিজুলের কাছ থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। অন্য দুই আসামি দেলোয়ার ও রনি তাকে ট্যাবলেটগুলো বিক্রিতে সহায়তা করছিলেন বলে জানায় পুলিশ।
এ দুই পৃথক ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন