নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে পঞ্চম শ্রেণির এক আদিবাসী শিশুকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. ফারুক হোসেন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার চৌঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক হোসেন ওই এলাকার মো. মোজাহারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল বিকেলে উত্তর চৌঘাট আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে একা পেয়ে বিভিন্ন কৌশলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় ফারুক। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধর্ষণের উদ্দেশ্যে অভিযুক্ত ফারুক শিশুটিকে গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত ও জখম করে। একপর্যায়ে শিশুটি আত্মরক্ষার্থে আসামির হাতে কামড় দিয়ে সেখান থেকে কোনোমতে পালিয়ে আসতে সক্ষম হয়। এই ঘটনায় ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত অভিযানে নামে।
নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত ফারুক হোসেনকে গ্রেপ্তার করে। বর্তমানে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানি প্রতিরোধে জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই ধরনের অপরাধ দমনে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।


একটি মন্তব্য পোস্ট করুন